ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শিশু-প্রসূতি হাসপাতালে বোমাবর্ষণ যুদ্ধাপরাধ : জেলেনস্কি

ইউক্রেনের একটি শিশু ও প্রসূতি হাসপাতালে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বোমা হামলা চালানোর অভিযোগ উঠেছে। পূর্ব ইউরোপের ওই দেশটির মারিউপোল শহরে অবস্থিত হাসপাতালটিতে চালানো আক্রমণে এখন পর্যন্ত ১৭ জন আহত হয়েছেন বলে জানা যায়।


ভয়াবহ এই ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে দাবি করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (১০ মার্চ) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি এবং ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ।


বুধবার (৯ মার্চ) মারিউপোল শহর কর্তৃপক্ষ অভিযোগ করে বলে, রুশ দখলদার বাহিনী শহরের একটি শিশু ও প্রসূতি হাসপাতালে বোমাবর্ষণ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এবারের আক্রমণে শিশু ও প্রসূতি বিভাগসহ হাসপাতালটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।


হামলার পরপরই তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানানো না হলেও বার্তা সংস্থা এপি পরবর্তী সময়ে জানায়, রাশিয়ার বিমান হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। যদিও এতে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।


এ দিকে মারিউপোল শহরে অবস্থিত শিশু হাসপাতালটির ওপর রাশিয়ান বোমাবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আক্রমণের ঘটনার একটি ভিডিয়ো ফুটেজ এরই মধ্যে তিনি টুইট করেছেন। যার ক্যাপশনে তিনি দাবি করেন, নৃশংসতা, ধ্বংসাবশেষের নিচে মানুষ, শিশুরা চাপা পড়েছে।


পরে রাজধানী কিয়েভ থেকে পাঠানো অপর ভিডিয়ো বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ান ফেডারেশন আসলে কি ধরনের দেশ যে তারা হাসপাতাল এবং প্রসূতি হাসপাতালগুলোকেও ভয় পায় এবং সেগুলো ধ্বংস করে?


ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, প্রসূতি হাসপাতালে কেউ কি রাশিয়ার সমালোচনা করেছে? যদি না করে থাকে তাহলে এটি (আক্রমণ) কি ছিল? হাসপাতালে নাৎসিবাদ দূর করার কি আছে?


এর আগে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটি থেকে নাৎসিবাদ দূর করার কথা বলেছিলেন। মূলত রুশ প্রেসিডেন্টের সেই কথার দিকেই ইঙ্গিত করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট এসব কথা বলেন।


জেলেনস্কি মনে করেন, এটি এরই মধ্যে নৃশংসতার বাইরে। হানাদার সৈন্যরা মারিউপোল শহরে যা করছে তা ইতোমধ্যেই নৃশংসতার থেকেও বেশি। রাশিয়ার এই যুদ্ধাপরাধের নিন্দা জানাতে আজ আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। যা মূলত আমাদের দেশে হানাদারদের নিয়ে আসা সকল মন্দকে প্রতিফলিত করবে।


এছাড়া প্রসূতি হাসপাতালের ওপর আক্রমণের ঘটনাটিকে ইউক্রেনীয়দের ওপর যে গণহত্যা সংঘটিত হচ্ছে তার চূড়ান্ত প্রমাণ বলেও উল্লেখ করেন তিনি। ভিডিয়ো বার্তার আগে দেওয়া এক টুইটে প্রেসিডেন্ট জেলেনস্কি অবিলম্বে ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ কার্যকরের আহ্বান জানিয়েছিলেন। সে সময় তিনি বলেন, আপনাদের ক্ষমতা আছে কিন্তু আপনারা মানবতা হারিয়ে ফেলছেন।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও সামরিক জোট ন্যাটোভুক্ত অন্য রাষ্ট্রগুলো অবশ্য বারবারই নো-ফ্লাই জোনের দাবি প্রত্যাখ্যান করে আসছে।

ads
ads
ads

Our Facebook Page

↑